আগস্ট ৪, ২০২৬, ১০:২৭ এএম
সংবিধান সংশোধনের রোডম্যাপ ও প্রাথমিক কর্মপদ্ধতি নির্ধারণে প্রথমবারের মতো বৈঠকে বসছে এ উদ্দেশ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের সংশোধনী প্রস্তাব পর্যালোচনা করা হবে। নির্বাচনব্যবস্থার সংস্কার, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহি এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রে। এসব ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য তৈরির পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত গ্রহণ ও জনপরামর্শের সুযোগ সৃষ্টির বিষয়েও আজকের সভায় নীতিগত সিদ্ধান্ত আসতে পারে।
গত ১৩ জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার ঠিক আগে ১৭ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলের ৫ সদস্যের নাম না পাওয়ায় আপাতত ১২ জন নিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। কমিটি গঠনের সময় বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। সংসদ প্রশাসন জানিয়েছে, কমিটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে বিরোধী পক্ষের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তারা চাইলে যেকোনো সময় এই প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রীয় ১১টি খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘ আলোচনার পর ২০২৫ সালের ১৭ অক্টোবর `জুলাই জাতীয় সনদ` গৃহীত হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন এবং গণভোট অধ্যাদেশ প্রণয়ন করা হয়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ৭৭ জন সদস্য উভয় শপথ নিলেও সরকারি দল বিএনপি জোটের সংসদ সদস্যরা এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন