আগস্ট ৪, ২০২৬, ০৫:৩৫ পিএম
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষ এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত এই মন্ত্রী পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও অংশ নেন। নগরায়ণ, অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন এবং পলিথিনের যত্রতত্র ব্যবহার পরিবেশের ওপর যে মারাত্মক চাপ সৃষ্টি করছে, তা তুলে ধরে মন্ত্রী বলেন যে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপে এই সংকট কাটবে না।
পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী রক্ষা এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।টেকসই পরিবেশ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও শক্তিশালী করার মাধ্যমে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত দায়িত্বশীলরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন