আগস্ট ৬, ২০২৬, ০৪:২২ পিএম
নদী ও খালপাড়ের ভাঙন রোধে ঐতিহ্যবাহী কংক্রিটের ব্লক বা জিও ব্লকের পরিবর্তে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষে সরকার এই উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের দিকে বিশেষ নজর দিচ্ছে।সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও প্রো-ভিসি ড. মুহাম্মদ শরিফুল ইসলাম একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরেন।
উপস্থাপনায় জানানো হয় যে উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং রেললাইনের পাশে বিন্না ঘাস অত্যন্ত কার্যকর ও টেকসই সমাধান হতে পারে। এর আগে দেশের কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এই ঘাস ব্যবহার করা হয়েছিল এবং তার ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে। এই সফলতার ওপর ভিত্তি করে এখন বৃহত্তর পরিসরে একটি প্রকল্প আকারে এটি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও বিজ্ঞানসম্মত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কংক্রিটের ব্যবহারের ফলে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা থেকে বেরিয়ে আসতেই এই সবুজ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব এই উদ্যোগ দেশের নদীমাতৃক অঞ্চলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। সংশ্লিষ্ট বিভাগগুলো এখন এই প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন