রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবসরে যাওয়া ৭৫ হাজার শিক্ষকের পাশে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ১০:৪৬ এএম

অবসরে যাওয়া ৭৫ হাজার শিক্ষকের পাশে প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনিশ্চয়তা ও ভোগান্তিতে থাকা দেশের প্রায় পঁচাত্তর হাজার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকের পাশে দাঁড়িয়েছে সরকার। শিক্ষকগণের অবসর ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পাওনা পরিশোধের জন্য এককালীন দুই হাজার কোটি টাকা ছাড় করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়কে এই বরাদ্দ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মাধ্যমে শিক্ষক সমাজের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।

আগামী পনেরো আগস্ট একযোগে এই অর্থ শিক্ষকদের ব্যাংক হিসাবে জমা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।জীবনমানের শেষ সময়ে হজ পালন, চিকিৎসা কিংবা পরিবারের বিশেষ প্রয়োজন মেটানোর জন্য এই এককালীন অর্থের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করেন শিক্ষকরা। তবে বিগত কয়েক বছর ধরে যথাসময়ে টাকা না পাওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকরা চরম মানবেতর জীবনযাপন করছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সাম্প্রতিক বৈঠকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী এই বিশেষ বরাদ্দ অনুমোদন করেন। 

তহবিল ঘাটতি মেটাতে সরকারের পাশাপাশি ফান্ড থেকে অতিরিক্ত অর্থ সমন্বয় করা হচ্ছে।মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মোট পঁচাত্তর হাজার শিক্ষক ও কর্মচারীর আবেদন জমা রয়েছে এবং ইলেকট্রনিকস ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। আগামী তেরো আগস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। 

শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে পাওনার বাকি অংশ নিয়মিত পরিশোধের দাবি জানিয়েছেন।নিয়মিত চাঁদা ও ব্যাংক ফিক্সড ডিপোজিটের লভ্যাংশ থেকে তহবিলের আয় ব্যয়ের ঘাটতি তৈরি হওয়ায় বিগত বছরগুলোতে দীর্ঘ জট তৈরি হয়েছিল। বর্তমান সরকারের এই বড় ধরনের আর্থিক সহায়তার ফলে বেসরকারি শিক্ষা খাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট অনেকটাই কেটে যাবে বলে আশা করা হচ্ছে।