আগস্ট ৯, ২০২৬, ০৫:৫১ পিএম
হেফাজতে ইসলামের আমির ও প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের শীর্ষ পর্যায়ের এই সফরে স্থানীয় আলেম-ওলামা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রোববারে নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ফটিকছড়ির ওই মাদ্রাসাপ্রাঙ্গণে পৌঁছান।মাদ্রাসায় এসে পৌঁছানোর পর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান। সেখানে একান্তে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী প্রবীণ এই আলেমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।সফরকালে মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সরকারপ্রধানকে সংবর্ধনা জানায় এবং প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী, যেখানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির স্বয়ং। ফটিকছড়ির এই ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে স্থান ত্যাগ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন