রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ১০:৩১ পিএম

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ছবি : সংগৃহীত

গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় প্রাইভেট টিউশন বা কোচিংয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিটি সন্তানের জন্য আলাদাভাবে গৃহশিক্ষক রাখার এই সামগ্রিক মানসিকতা পরিবর্তন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। বর্তমান সরকারের মেয়াদে দেশের প্রাথমিক শিক্ষাস্তরে কাঠামোগত ও গুণগত পরিবর্তনের জোরালো আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সুনির্দিষ্ট মূল্যায়ন তুলে ধরেন প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে নিজের পারিবারিক অভিজ্ঞতা শেয়ার করে ববি হাজ্জাজ জানান যে তার নিজের দুই কন্যার জন্যও আলাদা গৃহশিক্ষক রয়েছে, যা সামগ্রিক সামাজিক বাস্তবতারই একটি অংশ। তবে এই সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান বাড়ানোর ওপর জোর দেন তিনি। 

শিশুদের ওপর থেকে অতিরিক্ত পড়াশোনার চাপ কমাতে এবং আনন্দের মাধ্যমে শিক্ষাদানের লক্ষ্যে নতুন বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে শিশুদের খেলায় খেলায় বিজ্ঞানমুখী করার জন্য নতুন পাঠ্যক্রমে ‍‍`সায়েন্স টয়‍‍` বা বিজ্ঞানভিত্তিক খেলনা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 

এর পাশাপাশি দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ‍‍`ম্যাথ ল্যাব‍‍` চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ল্যাবে বিশেষ উপকরণের সহায়তায় শিক্ষার্থীরা খুব সহজেই আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো জটিল নয় বরং মৌলিক গাণিতিক বিষয়গুলো সহজ উপায়ে রপ্ত করতে পারবে।শিক্ষাঙ্গনে এই আধুনিক ও আনন্দদায়ক পদ্ধতিগুলো বাস্তবায়িত হলে খুদে শিক্ষার্থীদের মেধা বিকাশ আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।