আগস্ট ১২, ২০২৬, ১০:৪০ পিএম
দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত আটটার মধ্যে বন্ধ রাখার নতুন নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে সন্ধ্যা সাতটার পর দোকানপাট ও শপিংমলে সব ধরনের আলোকসজ্জা এবং আলোকিত বিলবোর্ড প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে উপসচিব স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এর আগে গত এগারো জুন থেকে বিভিন্ন শপিংমল ও দোকানপাট রাত নয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আওতায় এখন থেকে প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
নির্ধারিত এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান কিংবা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে বলে জানানো হয়।তবে সাধারণ মানুষের দৈনন্দিন জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু খাতকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে।
খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান এই বিধিমালার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে এবং আলোকসজ্জা বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এই নির্দেশনার বাস্তবায়ন তদারকি করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন