আগস্ট ১৭, ২০২৬, ০৬:৪৭ পিএম
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগের বছরের ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় এটি ৫৩ দশমিক ৮৫ শতাংশ বেশি, যা এক বছরের ব্যবধানে কৃষি ঋণের ক্ষেত্রে নতুন রেকর্ড। সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন এই কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেই এই বিশাল অঙ্কের ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মূলত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিখাতে বিনিয়োগ উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। নতুন নীতিমালায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পাশাপাশি বিভিন্ন অপ্রচলিত ফসল চাষকেও ঋণের আওতায় আনা হয়েছে। বিশেষ করে শিমুলমূল, অশ্বগন্ধা, রোজেলা, শতমূল ও ব্লুবেরির মতো উচ্চমূল্যের ফসল চাষে ঋণ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
ঋণ বিতরণের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন নীতিমালায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো ধরনের জামানত প্রয়োজন হবে না। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং লবণ চাষের ক্ষেত্রে ডকুমেন্টেশন ছাড়া কোনো অতিরিক্ত সেবা ফি নেওয়া যাবে না। নারী ও প্রান্তিক কৃষকদের ঋণের ক্ষেত্রে জামানতের বিকল্প হিসেবে সামাজিক ও দলগত জামানতের সুযোগ রাখা হয়েছে, যা প্রান্তিক কৃষকদের ঋণ প্রাপ্তিকে অনেক বেশি সহজতর করবে।
ঋণ বিতরণের ক্ষেত্রে প্রকৃত কৃষক যাচাইয়ের পদ্ধতির আধুনিকায়ন করা হয়েছে। এখন থেকে পাসবই থাকার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে এবং এর পরিবর্তে সরকারি ‘কৃষক কার্ড’ বা স্থানীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যয়নপত্র ব্যবহার করা যাবে। কৃষি ও পল্লী খাতে পর্যাপ্ত ঋণ সরবরাহের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনীতি গঠনে এই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন