বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনে সরকারের নানা কর্মসূচি ঘোষণা

জাতীয় ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৭:১৪ পিএম

ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনে সরকারের নানা কর্মসূচি ঘোষণা

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

আগামী ছাব্বিশে আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দিনটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।গত তেরো আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করবেন। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও সড়কগুলো রঙিন পতাকা এবং কালিমা তায়্যিবা লেখা ব্যানারে সজ্জিত করা হবে।

বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে। ইসলামিক ফাউন্ডেশন ওয়াজ মাহফিল, সেমিনার, কিরাত, হামদ-নাত, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করবে।

এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কারাগার ও শিশু সদনে বিশেষ খাবার পরিবেশন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে।