আগস্ট ২১, ২০২৬, ১২:২৩ পিএম
দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগ্রহীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এই আবেদন সম্পন্ন করতে পারবেন। সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই-বাছাই শেষে বদলির আদেশ প্রদান করা হবে।শিক্ষকরা তাদের পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন।
শিক্ষক বদলির আবেদনের জন্য চাকরিতে কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর সেখানে অন্তত দুই বছর কাজ করার পরেই পরবর্তী বদলির আবেদনের যোগ্যতা অর্জিত হবে। নিজ জেলায় পদ খালি না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া স্বামী বা স্ত্রীর কর্মস্থল বিবেচনায় নিয়েও বদলির আবেদনের সুযোগ রাখা হয়েছে।
তবে কিছু ক্ষেত্রে আবেদনের সীমাবদ্ধতা রয়েছে। কোনো শিক্ষকের এমপিও বন্ধ থাকলে, তিনি সাময়িক বরখাস্ত থাকলে কিংবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলে বদলির আবেদন করতে পারবেন না। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। প্রতিষ্ঠানের তথ্যে কোনো গরমিল থাকলে এর দায়ভার শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে।
মাউশি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া শেষে বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। আগ্রহী শিক্ষকদের অধিদপ্তরের নির্দিষ্ট বদলি আবেদন পোর্টালে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৬ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন