সেপ্টেম্বর ৯, ২০২৬, ০১:০৬ পিএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী চৌদ্দশত আটচল্লিশ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে এই মেলার দ্বার উন্মোচন করা হবে। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারের মেলায় দেশি-বিদেশি মোট ২০৬টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ জানায়, মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিস গ্রন্থ, সিরাত, ইসলামী দর্শন ও ইতিহাসসহ ধর্মীয় গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া শিশু-কিশোরদের উপযোগী নৈতিক শিক্ষামূলক গ্রন্থ এবং ইসলামী সাহিত্যের বিপুল সমাহার থাকবে স্টলগুলোতে।
দেশের খ্যাতনামা প্রকাশকদের পাশাপাশি নবীন প্রকাশনা সংস্থাগুলোও এতে তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবে। ফলে পাঠক ও গবেষকরা এক ছাদের নিচেই প্রয়োজনীয় গ্রন্থ সংগ্রহের সুযোগ পাচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে যে এই আয়োজনের মাধ্যমে সর্বসাধারণের মাঝে পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের বিস্তার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ইসলামের শান্তি, সাম্য, সহনশীলতা ও মহানবীর মানবিক জীবনাদর্শ পৌঁছে দিতে এ মেলা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন