বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি নারী এলিজা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি নারী এলিজা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির ক্যামডেন সিটি কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম কোনো বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের গৌরব অর্জন করলেন।

মঙ্গলবার রাতে কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সহকর্মীদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এলিজা আজাদ জানান, দলীয় সমর্থনের পাশাপাশি বিভিন্ন মতাদর্শের কাউন্সিলরদের সরাসরি ভোটে এই মর্যাদা অর্জন করায় স্থানীয় বাসিন্দাদের প্রতি তাঁর নাগরিক দায়বদ্ধতা ও কাজের পরিধি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। 

একই সভায় সহকর্মী ভিন্স ফেরেরি সিটি কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ায় স্থানীয় সরকারের তৃণমূল পর্যায় হিসেবে বিবেচিত সিটি কাউন্সিলে এই অর্জন অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য এক অনন্য মাইলফলক। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেওয়া এলিজা আজাদের পৈতৃক বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায় এবং তিনি বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলামের কন্যা।

দুই দশকেরও বেশি সময় আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো এলিজা পরবর্তীতে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় হন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে তিনি ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থনকে প্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই অর্জন বহুজাতিক সমাজে নারী নেতৃত্বকে আরও উৎসাহিত করবে।