সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৫:০৬ পিএম
যেকোনো মূল্যে ডেঙ্গু সংক্রমণ রোধ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন। শুধু নির্দিষ্ট সময়ে নয়, সারা বছর এডিস মশার প্রজননস্থল ধ্বংসের তাগিদ দিয়েছেন তিনি।
সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রতিমন্ত্রী সরাসরি ধানমন্ডি ২৭ নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন। নালা-নর্দমা ও সম্ভাব্য মশার উৎপত্তিস্থল খতিয়ে দেখার পাশাপাশি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও তদারকি কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেন। ওই সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শনের অংশ হিসেবে সেচ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের চলমান উদ্যোগ পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধকে নাগরিক সামাজিক আন্দোলনে রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রতিটি পরিবারকে নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে।
সচেতনতা না বাড়িয়ে কেবল মশা মেরে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান মীর শাহে আলম।
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। নির্মাণাধীন ভবনগুলোতে পানি জমে এডিসের লার্ভা জন্মানোর ঝুঁকি সবচেয়ে বেশি থাকায় নির্মাতা ও ভবন মালিকদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। ড্রাম, বালতি কিংবা খোলা পাত্রে স্বচ্ছ পানি জমে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
সচেতন করার পরও নির্মাণাধীন ভবনে অবহেলা দেখা গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের অর্থদণ্ড ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন মীর শাহে আলম। তবে শাস্তির চেয়ে নাগরিক সচেতনতা ও ব্যক্তিগত দায়িত্বশীলতাকে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হিসেবে তিনি তুলে ধরেন। পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন