বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে, অস্থিতিশীলতায় ব্যবস্থা: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:২৬ এএম

সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে, অস্থিতিশীলতায় ব্যবস্থা: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

সব অংশীজনের সঙ্গে খোলামেলা আলোচনার মধ্য দিয়েই প্রচলিত সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি প্ল্যাটফর্ম ও ভুয়া গণমাধ্যমের নামে ফটোকার্ড ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে নাগরিকদের বাকস্বাধীনতা সুরক্ষিত রাখার পাশাপাশি কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা বা সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, সেই ভারসাম্য বজায় রেখেই বর্তমানে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যেকোনো ধরনের অপতথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে আইনি কাঠামোকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে বলে জানান তিনি।