অক্টোবর ৬, ২০২৬, ০১:৫৯ পিএম
সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের সাইবার সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের চার্জ ডি`অ্যাফেয়ার্স অ্যাড অন্তর্বর্তীকালীন ও মিনিস্টার কাউন্সেলর এবং ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে টেলিকমভিত্তিক প্রতারণাসহ উদীয়মান সাইবার অপরাধগুলো কীভাবে যৌথভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে উভয় দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে গভীরভাবে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহায়তার আশ্বাস দেয়। এই সহায়তার আওতায় সাইবার অপরাধসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ, আধুনিক কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সমর্থন এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় উভয় দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান আরও জোরদার হবে। প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন