সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৩৯ এএম
নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও শাস্তির দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে, নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা দুদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন।
সংগঠনটি আরও জানায়, জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে শ্রমিকরা অন্যতম সহযোগী ছিলেন। এই অভ্যুত্থানই শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু এটি অত্যন্ত উদ্বেগজনক যে, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশেও শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, "শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এটি অত্যন্ত উদ্বেগজনক।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এই ঘটনার দায় অন্তর্বর্তী সরকার এড়িয়ে যেতে পারে না। তারা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধসহ সকল দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন