সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:৩৫ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান আশা প্রকাশ করেছেন যে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বিত তৎপরতায় এবারের দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।র্যাব মহাপরিচালক জানান, পূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে র্যাব বহুমুখী পদক্ষেপ নিয়েছে:
টহল ও গোয়েন্দা নজরদারি: পূজামণ্ডপগুলোতে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও কাজ করছেন।
সাইবার নজরদারি: গুজব ছড়িয়ে কেউ যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে।সমন্বয়: র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে।
জরুরি প্রস্তুতি: যেকোনো নাশকতা মোকাবেলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।তিনি বলেন, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সব ক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শহিদুল রহমান পূজা আয়োজকদের প্রতি দিন-রাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
র্যাব সদর দপ্তর জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন