রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন নিয়ে মতামত শুনতে আজ বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১০:৫১ এএম

নির্বাচন নিয়ে মতামত শুনতে আজ বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসি

ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ এবং দেশের বিশিষ্ট নারী নেত্রীদের সঙ্গে পৃথক দুটি সংলাপে বসছে কমিশন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা জানিয়েছে, আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে প্রথম দফার সংলাপে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ দেশের নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এরপর একই স্থানে বিকেলে দ্বিতীয় দফার সংলাপে দেশের বিশিষ্ট নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এই বৈঠকে প্রায় ৪০ জন নারী নেত্রী ও বিশেষজ্ঞ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথরেখা তৈরি করতে ইসি গত ২৮ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক সংলাপ শুরু করে। প্রথম দিন সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে এবং গতকাল ৬ অক্টোবর গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। সিইসি জানিয়েছেন, সংলাপে উঠে আসা সকল গঠনমূলক পরামর্শ কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং একটি সুন্দর নির্বাচন আয়োজনে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করা হবে।