অক্টোবর ১০, ২০২৫, ০৭:৫৬ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশে অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে, যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।” তিনি বলেন, বর্তমান সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং কেউ তা নষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার অদূরে আশুলিয়ায় ‘বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে’ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে এই সরকার।
তা যেন কেউ নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।”তিনি সম্প্রতি দুর্গাপূজার সময় প্রতিমার অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টার কথা উল্লেখ করে বলেন, “যারা এই কাজ করেছিল, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।”
অনুষ্ঠানে তিনি সকল প্রকার অত্যাচার ও অনাচার বন্ধের বোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সকলে মিলে বিশ্ব মানবতার জন্য কাজ করি।” বৌদ্ধ সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসবে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতি এবং তার বক্তব্যকে দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন