অক্টোবর ১৭, ২০২৫, ১১:০৮ পিএম
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান চলাকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এই ঘটনার প্রতিবাদে এবং তিন দফা দাবি আদায়ে আগামী রোববার (১৯ অক্টোবর) সারাদেশে তিন ঘণ্টার জন্য মহাসড়ক অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে কয়েকশ আন্দোলনকারী সংসদ ভবনের সামনে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে তারা একটি গেট ভেঙে অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করে অতিথিদের জন্য রাখা চেয়ারে বসে স্লোগান দিতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। অভিযোগ উঠেছে, এ সময় আন্দোলনকারীরা অনুষ্ঠানস্থলের কিছু চেয়ার ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়।
পরে, সংসদ চত্বর থেকে বেরিয়ে এসে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আমাদের ওপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ পালিত হবে।”
তাদের প্রধান তিন দফা দাবি হলো—জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আহতদের পুনর্বাসনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং আহতদের বিরুদ্ধে হয়রানি বন্ধে সুরক্ষা আইন প্রণয়ন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন