শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪৫ পিএম

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকার প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে ‘আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটি’র এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা দেশের জন্য কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা বিভিন্ন জায়গায় নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। আজকের বৈঠকে তাদের সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর অংশ হিসেবেই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করা হচ্ছে।”

বিমানভাড়া কমানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিমানভাড়া একটি প্রতিযোগিতার বিষয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভাড়া কমানো হলে আশা করি অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে।”এ সময় উপদেষ্টা প্রবাসীদের জন্য আরেকটি সুখবর দিয়ে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেটগুলো শিগগিরই সম্পূর্ণভাবে চালু করে দেওয়া হবে, যাতে যাত্রীরা পাসপোর্ট দেখিয়েই দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন।