অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৫৪ পিএম
জাতীয় ঐকমত্য কমিশন শুধু 'জুলাই জাতীয় সনদ'-এর সুপারিশই করেনি, বরং এটি কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে, সেই পদ্ধতিও সুপারিশ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান। এর আগে দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশমালা হস্তান্তর করা হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় এগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই প্রেক্ষাপটেই কমিশন সুপারিশ করেছে সরকার কীভাবে এই সনদ বাস্তবায়ন করতে পারে।তিনি জানান, কমিশনের সুপারিশে প্রধানত তিনটি ভাগ রয়েছে। প্রথমত, যেসব বিষয় সাংবিধানিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার অবিলম্বে অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করে।
দ্বিতীয়ত, সুপারিশের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যা সাধারণ সরকারি নির্দেশ বা এমনকি অফিস আদেশ জারির মাধ্যমেও বাস্তবায়ন করা সম্ভব। সরকার যেন দ্রুততার সঙ্গে সেগুলো বাস্তবায়ন করে, সেই সুপারিশ করা হয়েছে। অধ্যাপক রীয়াজ উল্লেখ করেন, এই দুটি বিষয়ে ঐকমত্য কমিশনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভিন্নমত নেই এবং ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার পরই তা সরকারকে অবহিত করা হয়েছে।
তৃতীয় সুপারিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময় কমিশন লক্ষ্য করেছে যে, সাংবিধানিক অনেক বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও কিছু বিষয়ে ভিন্নমতও রয়েছে। এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার লক্ষ্যে কমিশন তাদের তৃতীয় সুপারিশে বেশ কিছু পদ্ধতিগত প্রস্তাবনা দিয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আশা প্রকাশ করেন, তারা এই দায়িত্ব পালনে সফল হবেন এবং বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যাবেন।
প্রেস ব্রিফিংয়ে আলী রীয়াজের সঙ্গে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন