শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চিকিৎসাধীন খালেদা জিয়াকে আইসিইউতে স্থানান্তর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ১১:১১ পিএম

চিকিৎসাধীন খালেদা জিয়াকে আইসিইউতে স্থানান্তর

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

শারীরিক অবস্থার অবনতির কারণেই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এর আগে গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে তাকে হাসপাতালে আনা হয়েছিল।

পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেওয়া শুরু হয়।

খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, একসঙ্গে অনেকগুলো সমস্যা দেখা দেওয়ায় দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। তিনি বলেন, "উনার চেস্টে ইনফেকশন হয়েছে। চেস্টে ইনফেকশন হওয়ায় একসঙ্গে উনার হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে। আমরা খুব দ্রুত উনাকে হাসপাতালে এনেছি।" তিনি আরও যোগ করেন, তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার, সেগুলো সম্পন্ন করে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে তিনি সর্বোচ্চ চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে আছেন।

ড. জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। একই সঙ্গে, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যাওয়ার পর ৬ মে তিনি দেশে ফিরে আসেন।