ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৪ এএম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।
তারেক রহমান তাঁর বার্তায় হাদিকে একজন ‘সাহসী রাজনৈতিক কর্মী’ ও ‘নির্ভীক কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করে লেখেন:আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত।
আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল—রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।তিনি আরও উল্লেখ করেন যে, হাদি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।
তারেক রহমান তাঁর বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে হাদির ওপর হামলাকারী অপরাধীদের গ্রেফতার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন কোনো ঘটনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।
গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সরকারের তত্ত্বাবধানে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তারেক রহমান মরহুমের শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর এই শোকবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন