জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:১৩ পিএম
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে দিনাজপুর জেলাকে সিটি কর্পোরেশন করার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার দিনাজপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন।
দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণের অঙ্গীকার করে তিনি বলেন এই অঞ্চলের মানুষের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে দিনাজপুরকে আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলা হবে।
এর আগে সকালে পঞ্চগড়ের জনসভা শেষ করে দুপুরে দিনাজপুরে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাকে উষ্ণ সংবর্ধনা জানান।জনসভায় ডা. শফিকুর রহমান বলেন বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব ও অবহেলিত করে রাখা হয়েছে।
এই অঞ্চলকে দেশের কলিজার অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন আল্লাহর ওপর ভরসা রেখে বলছি উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছর সময় আমাদের জন্য যথেষ্ট। তিনি প্রতিশ্রুতি দেন যে ক্ষমতায় গেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে এবং উত্তরবঙ্গকে দেশের শিল্পের রাজধানী হিসেবে রূপান্তর করা হবে। বিশেষ করে পঞ্চগড় ও দিনাজপুরের বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার ঘোষণা দেন তিনি। পাচারকৃত ২৮ লাখ কোটি টাকা ফেরত এনে জনগণের সেবায় ব্যয় করার কঠোর হুঁশিয়ারিও দেন জামায়াত আমির।
বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন তাদের কাছে ভোটারদের প্রলুব্ধ করার মতো কোনো ধোঁকাবাজির কার্ড নেই বরং দেশের মানুষই তাদের আসল শক্তি। এতদিন টেকনাফ থেকে তেঁতুলিয়ার আওয়াজ শোনা গেলেও এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনসাফের স্লোগান ছড়িয়ে দেওয়া হবে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ‘বসন্তের কোকিল’ হিসেবে আখ্যায়িত করে বলেন জামায়াত সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামী ১২ তারিখের নির্বাচনে বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন এবং কোনো পুরোনো দুর্বৃত্ত যাতে নতুন পোশাকে ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন