জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৩ পিএম
খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক ধরণের অপপ্রচার চালানো হয় যে জামায়াত ক্ষমতায় এলে তারা দেশে থাকতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো—জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে ‘জামাই আদরে’ রাখা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় থাকলে একটি হিন্দু পরিবারকেও নিরাপত্তার অভাবে ভারতে যেতে হবে না।
নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ে তীব্র সমালোচনা করে কৃষ্ণ নন্দী বলেন, একটি দল চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য। তারা হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো ভোটারদের কিনতে চাইছে।
কিন্তু জামায়াত আদর্শের রাজনীতি করে, টাকা দিয়ে ভোট কেনে না।” তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, যেন কেউ টাকার বিনিময়ে নিজেদের মূল্যবান আমানত (ভোট) বিক্রি না করেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ দলগুলো বর্তমানে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, যা সুস্থ রাজনীতির পরিপন্থী।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনার মৃতপ্রায় শিল্পাঞ্চল নিয়ে কথা বলেন। তিনি আক্ষেপ করে বলেন, গত ৫৪ বছরে খুলনার শিল্প কলকারখানা মুখ থুবড়ে পড়েছে।
জামায়াত ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা পুনরায় চালু করা হবে এবং যুব ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি আশ্বাস দেন যে, ‘মামা-খালু’র জোর বা স্বজনপ্রীতি নয়, বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শফিকুর রহমান আরও বলেন, নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের সম্পদ লুট করে ‘বেগম পাড়া’ বা সিঙ্গাপুরে সম্পদ গড়বেন না, বরং তারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন।বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান খুলনা বিভাগের ৬টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন