সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সারজিস আলমকে খোলা চিঠি লিখলেন নীলা ইসরাফিল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৬:০১ পিএম

সারজিস আলমকে খোলা চিঠি লিখলেন নীলা ইসরাফিল

সারজিস আলমকে নীলার খোলা চিঠি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এই চিঠিটি পোস্ট করেন।চিঠিতে নীলা ইসরাফিল এনসিপি-র বর্তমান রাজনৈতিক অবস্থান এবং দলটির টিকে থাকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তিনি সারজিস আলমকে উদ্দেশ্য করে বলেন, বর্তমানে বিরোধী দলে থাকলেও বাংলাদেশের মানুষ এই দলটিকে দীর্ঘমেয়াদে মেনে নেবে না। 

তাঁর মতে, এনসিপি রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।নীলা ইসরাফিল তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, রাজনীতিতে অবস্থান পরিবর্তন হওয়া স্বাভাবিক বাস্তবতা, কিন্তু শেষ পর্যন্ত জনগণের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, বিরোধী দলে থাকা সত্ত্বেও জনগণের আস্থা অর্জন করাই এখন সারজিস ও তাঁর দলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

চিঠিতে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন তুলে তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে ফিরবে কি না তা সময় বলবে, তবে এনসিপি রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবে সেই চিন্তাই এখন করা উচিত। জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না বলে তিনি মন্তব্য করেন।

সারজিস আলমের দলের সমালোচনা করে নীলা বলেন, সময়ের সংকেত এখন স্পষ্ট এবং জনগণ সব কিছু পর্যবেক্ষণ ও বিচার করছে। তিনি দাবি করেন, রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমনি বাস্তব এবং সেই হিসাব জনগণই মেলায়।এনসিপি-র বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও লেখেন, দলটির পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে এবং এখন তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত এবং বিভ্রান্তিকর অবস্থান এই পতনকে আরও ত্বরান্বিত করছে বলে তিনি মনে করেন।

চিঠির শেষ অংশে নীলা ইসরাফিল সারজিস আলমকে হুঁশিয়ার হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এখন আত্মসমালোচনা করার এবং জনগণের কাছে জবাব দেওয়ার সময় এসেছে। তাঁর মতে, বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, বরং জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খোলা চিঠিটি প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।