সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বন্যায় দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৮:১৪ পিএম

বন্যায় দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত

ছবি - সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের চলমান জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মঙ্গলবার দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরের কর্মসূচি আপাতত অনুষ্ঠিত হবে না।দলীয় সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া পদযাত্রাগুলো পরবর্তীতে সমন্বয় করে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। 

এ বিষয়ে বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।তবে দক্ষিণাঞ্চলের পদযাত্রা ১৯ জুলাই থেকে পুনরায় শুরু হবে। ওইদিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ জুলাই বুধবার বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে দলটির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।