জুলাই ২৭, ২০২৬, ০৩:৪৬ পিএম
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে আয়োজিত `রক্তাক্ষরে জুলাই` শীর্ষক চিত্রপ্রদর্শনী পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সোমবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী দেখতে তিনি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন।
বিগত শাসনকালের বিভিন্ন সময় সংঘটিত ঘটনা, গুম ও জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্রসমূহ তিনি সহকর্মীদের সাথে নিয়ে ঘুরে দেখেন।ঐতিহাসিক স্মারক ধরে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে বিরোধীদলীয় সংসদ সদস্য আব্দুস সাত্তার রাজনৈতিক ও সামাজিক সুরক্ষার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, সরকার সংসদে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদের দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে দেশকে রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবারগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আহত ও নিহতদের স্বজনদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সাথে শহীদদের রক্তক্ষয়ী সংগ্রাম নিয়ে যেকোনো ধরনের রাজনীতি করা থেকে বিরত থাকার পরামর্শ দেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব।কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জেলা ও শহর পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনী আয়োজনের সফলতা কামনা করে এবং ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের প্রশংসা করে সংক্ষিপ্ত অনুষ্ঠানটি শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন