সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:০৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি আসন্ন নির্বাচনে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা না হয়, তাহলে দেশের জনগণ সম্মিলিতভাবে সেই নির্বাচন প্রতিহত করবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, স্বাধীনতার সময় আমাদের তিনটি মৌলিক স্লোগান ছিল—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। কিন্তু গত ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তারা এই তিনটি লক্ষ্যই অর্জন করতে ব্যর্থ হয়েছে।
চরমোনাই পীর বলেন, গত ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, তা এখন ইসলামের পক্ষের। দেশের মানুষ উপলব্ধি করেছে যে, আগের সরকার ক্ষমতায় এলে মানুষের কল্যাণ হবে না।
তিনি আরও বলেন, এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে এক সুস্পষ্ট নীতি-আদর্শ উপস্থাপন করেছে। এই আদর্শ সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করে, যাতে সবাই ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার পায়। তিনি বিশ্বাস করেন যে, আল্লাহর নীতি-আদর্শের বাইরে কেউ শান্তি বা মুক্তি পেতে পারে না। এ কারণেই তাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং একটি নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন