রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাবি নিয়ে মন্তব্যের জন্য আমির হামজাকে আইনি নোটিশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:১৯ পিএম

জাবি নিয়ে মন্তব্যের জন্য আমির হামজাকে আইনি নোটিশ

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ইসলামি বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) ডাকযোগে এই নোটিশ পাঠান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান। নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

আইনজীবী শিহাব উদ্দিন খান গণমাধ্যমকে জানান, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে তার মন্তব্যের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি আমির হামজা দাবি করেছিলেন যে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সুযোগ পেয়েছিলেন এবং সেখানকার আবাসিক ছাত্রদের সকালে 'মদ' দিয়ে কুলি করতে দেখেছেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।