অক্টোবর ৭, ২০২৫, ০৪:৫৪ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পছন্দের ‘শাপলা’ প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া ৫০টি প্রতীকের তালিকা প্রত্যাখ্যান করে মঙ্গলবার (৭ অক্টোবর) দলটি আবারও শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে ইসি সচিবালয়ে একটি চিঠি জমা দিয়েছে।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত প্রতীকের তালিকাটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। চিঠির সঙ্গে দলটি তাদের পছন্দের প্রতীক হিসেবে সাদা, লাল ও নীল রঙের শাপলার তিনটি নমুনাও জমা দিয়েছে, যাতে ইসির সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
চিঠিতে এনসিপি অভিযোগ করে, তাদের পছন্দের প্রতীক বরাদ্দ না দিয়ে বিকল্প তালিকা প্রদান করা নতুন দলের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং এটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরির অন্তরায়। দলটি আশা প্রকাশ করেছে, নির্বাচন কমিশন তাদের আবেদন পুনর্বিবেচনা করে শাপলা প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবে।
এর আগে নির্বাচন কমিশন এক চিঠিতে এনসিপিকে জানিয়েছিল যে, শাপলা প্রতীকটি নিবন্ধিত কোনো দলের জন্য সংরক্ষিত না থাকলেও এটি ইসির প্রতীকের তালিকায় নেই। তাই তাদের ইসির তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হবে, যা নিয়েই এই বিতর্কের সূত্রপাত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন