অক্টোবর ৭, ২০২৫, ০৬:১০ পিএম
ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, তার রূপরেখা স্পষ্ট করতে গিয়ে সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “অবশ্যই আমি দেখতে চাই না যে, আরেক ফেলানী (সীমান্তে নিহত কিশোরী) ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না।”
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলাকে দেওয়া তার দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির নীতিগত অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।তারেক রহমান বলেন, বিএনপির ভারত নীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলনীতির ওপর ভিত্তি করে। তিনি বলেন, “আমি অবশ্যই আমার পানির হিস্যা চাই। আমার দেশের হিস্যা, মানুষের হিস্যা আমি চাই।” ফেলানীর উদাহরণ টেনে তিনি বলেন, “আমার মানুষের ওপরে আঘাত এলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নেব না।”
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের বর্তমান শীতল সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “এখন তারা যদি স্বৈরাচারকে (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।”
দীর্ঘ ১৭ বছর পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন