রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে: যুব জাগপা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৭:৪৬ পিএম

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে: যুব জাগপা

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ‘জুলাই সনদ’-এর আলোকে এবং এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা করার পর হতে হবে বলে দাবি জানিয়েছে আটটি যুব সংগঠন। তারা জুলাই সনদ ঘোষণা ছাড়া কোনো জাতীয় নির্বাচন না করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও ৭ দফা দাবি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিভিন্ন যুব সংগঠনের নেতারা সম্মিলিতভাবে এই দাবি জানান।

সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদে থাকা কথিত ‘ভারতপন্থী’দের কারণে জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচন নিয়ে দেশে নতুন করে সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের যুব সমাজ অতীতের সরকারগুলোর নির্বাচনী ইশতেহারের নামে বারবার প্রতারিত হয়েছে। তাই আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে যুবকদের কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে তাদের সুস্পষ্ট পদক্ষেপগুলো তুলে ধরতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন, যুব অধিকার পরিষদ, জাতীয় যুবশক্তি (এনসিপি), বাংলাদেশ খেলাফত যুব মজলিস, যুব আন্দোলন এনডিএমসহ মোট আটটি বন্ধুপ্রতিম যুব সংগঠনের কেন্দ্রীয় নেতারা।