অক্টোবর ২৫, ২০২৫, ০১:৩৭ পিএম
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘মাইনাসে পারফর্ম’ করছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাইনাস দেব। মানে শূন্যেরও কম। উনি মাইনাসে পারফর্ম করছেন।’ সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে এই কড়া সমালোচনা করেন।
দেশে গণপিটুনির মতো ঘটনা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশে যারা সরকারের চাটুকারিতা করেন, তারা বলেন মব নতুন কিছু নয়। কিন্তু প্রত্যেক দিন মব হওয়া অবশ্যই নতুন কিছু। বছরে দুইটি মব হওয়া আর ৩৬৫ দিনে ৩৮০টি মব হওয়া এক রকম নয়।’ তিনি মনে করেন, এই পরিস্থিতির কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টার পারফরম্যান্স মাইনাস পাওয়ার যোগ্য।
সাক্ষাৎকারে রুমিন ফারহানা কেবল স্বরাষ্ট্র উপদেষ্টাই নয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার পনেরো বছরের শাসনের সঙ্গে গত এক বছরের শাসনব্যবস্থার খুব একটা পার্থক্য নেই। প্রধান উপদেষ্টাকে নিয়ে সমালোচকদের ভাষ্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘হয় তিনি নির্লিপ্ত, দেশে কি হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কি না, সেটা নিয়ে তার কিছু যায় আসে না।
অথবা তিনি বিষয়টিকে খুব খেলাচ্ছলে নিয়েছেন।’ বিএনপির এই নেত্রী বলেন, দেশ চালানো কোনো খেলাধুলা বা টাইমপাসের বিষয় নয়, এর সঙ্গে দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত।প্রধান উপদেষ্টার বিদেশমুখী মনোভাবের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) হয়তো দেশের বাইরে চলে যাবেন। উন্নত বিশ্বে উনি সম্মানের সঙ্গে থাকবেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ... তাদের জন্য তো আসলে ওনার কর্মকাণ্ডগুলো খুব স্বস্তিদায়ক নয়।
’ তিনি আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা দেশীয় গণমাধ্যমের চেয়ে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে বেশি স্বস্তিদায়ক মনে করেন। রুমিন ফারহানা আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগের গুটিকয়েক মানুষ ছাড়া বাংলাদেশের আপামর জনসাধারণের বিপুল সমর্থন নিয়ে তিনি দায়িত্বে এসেছিলেন এবং দেশে অনেক বড় পরিবর্তন আনার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তিনি হেলায় হারিয়েছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন