রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০২:০৩ পিএম

আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের স্বার্থে আদর্শগত ও মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে এক হতে হবে। তিনি ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার জোরালো আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অতীতের ওপর ভিত্তি করেই আমরা সামনে আগাবো। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।’ নিজের কারানির্যাতন ও নির্বাসিত জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘দুই-চার কলাম লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়না ঘরে থাকতে হয়েছে, নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে। কিন্তু আমি কখনো সংগ্রামের পথ থেকে এক মুহূর্তের জন্যও পিছিয়ে যাইনি।’

সাবেক এই প্রতিমন্ত্রী তার কারাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘এক সময় আমি ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ভাই পিজি হাসপাতালের (বর্তমান বিএসএমএমইউ) প্রিজনসেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল, আমরা একে অপরকে দেখতে পেতাম। তিনি তখন অনশন করছিলেন। আমি অনেক বুঝিয়েছিলাম, আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন। পরে মুরুব্বিরা গিয়ে ছয়-সাত দিন পর তিনি অনশন ভঙ্গ করেন।’

ছাত্র অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজ আমরা ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস শুনলাম, রক্তঝরা দিনগুলোর স্মৃতি মনে করলাম। এই অতীতের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের প্রধান দায়িত্ব।’