অক্টোবর ২৫, ২০২৫, ০৪:২৬ পিএম
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চান। তিনি বলেছেন, প্রশাসন, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করতে ব্যর্থ হয়ে হাসিনা এখন ইসকনের ওপর ভর করেছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দফা দাবিতে জাগপার আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুরের খতিব মাওলানা মহিবুল্লাহর অপহরণ ও পঞ্চগড়ে উদ্ধারের ঘটনায় ইসকনকে সরাসরি দায়ী করে রাশেদ প্রধান বলেন, ‘গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে গিয়েছে ইসকন।’ তিনি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কড়া সমালোচনা করেন। রাশেদ প্রধান বলেন, ‘বিএনপি জামায়াতসহ সকল গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বার বার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জিএম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায়।’ তিনি আরও যোগ করেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি জনগণ নিষিদ্ধ করেছে।’
জাগপা মুখপাত্র গুম-খুনে জড়িত সাবেক সেনা কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং একে আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘আইন লেভেল প্লেইং ফিল্ড না হলে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে কি ভাবে?’ তিনি নির্বাচনের আগে ‘নতুন দলীকরণ মুক্ত’ প্রশাসন দাবি করেন এবং নভেম্বরে গণভোট আয়োজনসহ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
জাগপার এই বিক্ষোভ মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগরে এসে সমাপ্ত হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন