জুলাই ১৭, ২০২৬, ১২:৩০ পিএম
দোয়া মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু অনেক সময় দীর্ঘদিন ধরে দোয়া করার পরও প্রত্যাশিত ফল না পেয়ে অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি দোয়া কবুল করছেন না, নাকি দোয়া কবুলে কোনো বাধা রয়েছে। কোরআন ও হাদিসের আলোকে দোয়া কবুলের শর্ত, আদব এবং প্রতিবন্ধকতাগুলো স্পষ্ট করা হয়েছে।ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)-এর মতে, দোয়া ও ঝাড়ফুঁক অস্ত্রের ন্যায়। অস্ত্রের কার্যকারিতা নির্ভর করে ব্যবহারকারীর ওপর, কেবল ধারালো হওয়ার ওপর নয়। সুতরাং যখন অস্ত্র সম্পূর্ণ নিখুঁত হয়, বাহু শক্তিশালী হয় এবং কোনো বাধা না থাকে, তখন তা দ্বারা লক্ষ্যে আঘাত হানা যায়।
এই তিনটির কোনো একটি অনুপস্থিত থাকলে প্রভাবও অনুপস্থিত হয়।দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো ইখলাস বা একনিষ্ঠতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা দ্বীনদারিকে তাঁর জন্য একনিষ্ঠ করে তাঁকে ডাকবে। একই সঙ্গে গুনাহ থেকে তওবা, ইস্তিগফার এবং বিনয়-নম্রতার সঙ্গে দোয়া করা জরুরি। সুখের সময়েও আল্লাহকে স্মরণ রাখা এবং বারবার দোয়া করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, তোমরা মিনতিভরে ও সংগোপনে তোমাদের রবকে ডাকো। তিনি তো সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না।
দোয়া কবুলে যেসব বিষয় বাধা হিসেবে কাজ করে, তার মধ্যে অন্যতম হলো গুনাহের জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে দোয়া করা। রাসুল (স.) বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে, যতক্ষণ না সে কোনো গুনাহের জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। এছাড়া হারাম উপার্জন ও হারাম ভক্ষণ দোয়া কবুল না হওয়ার অন্যতম বড় কারণ হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (স.) সতর্ক করেছেন যে, হারাম আহারকারী ব্যক্তির দোয়া কীভাবে কবুল হতে পারে।
দোয়া কবুল নিয়ে তাড়াহুড়া করা এবং আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি—এমন হতাশা পোষণ করাও বাধার সৃষ্টি করে। রাসুল (স.) বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি।মনে রাখা প্রয়োজন, দোয়া কবুল মানেই সব সময় চাওয়া জিনিসটি সঙ্গে সঙ্গে পাওয়া নয়। কখনো আল্লাহ বান্দার প্রার্থনা অনুযায়ী দান করেন, কখনো কোনো বিপদ দূর করে দেন, কখনো এর চেয়েও উত্তম কিছু নির্ধারণ করেন, আবার কখনো সেই প্রতিদান আখিরাতের জন্য সঞ্চিত রাখেন। তাই ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে আল্লাহর ওপর ভরসা রাখাই মুমিনের কর্তব্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন