মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০১:১৫ পিএম

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আর নেই

ছবি: সংগৃহীত

পবিত্র মক্কার মসজিদুল হারামের বিশিষ্ট মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সোমবারের ফজরের আজানটিই ছিল মসজিদুল হারামে তার জীবনের সর্বশেষ আজান। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শেষবারের মতো তার আজান দেওয়ার মুহূর্তটি সংশ্লিষ্ট মহলে গভীর আবেগের সৃষ্টি করেছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার আসরের নামাজের পর মসজিদুল হারামে শেখ ইব্রাহিম আল মাদানির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মক্কার ঐতিহাসিক আল-মুয়াল্লা কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৭৬ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ ইব্রাহিম আল মাদানি এবং সেখানেই গভীর ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। শৈশবে তার ওপর সবচেয়ে বেশি প্রভাব ছিল তার দাদার, যিনি ছিলেন একজন কোরআনে হাফেজ। পরবর্তীতে শেখ ইব্রাহিম পবিত্র কোরআন বিষয়ক প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা সম্পন্ন করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মধ্য দিয়ে মুয়াজ্জিন হিসেবে তার সুদীর্ঘ যাত্রার সূচনা হয়েছিল।

কলেজ জীবনের শেষ পর্যন্ত তিনি স্থানীয় তিনজন প্রতিবেশীর সাথে পালাক্রমে সেই মসজিদে নিয়মিত আজান দেওয়ার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মদিনার বাইরে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার কারণে তিনি কিছু সময়ের জন্য আজান দেওয়ার নিয়মিত কার্যক্রম থেকে বিরতিতে ছিলেন। এরপর ১৪২৮ হিজরি সালে তাকে ঐতিহাসিক ‍‍`মসজিদ আল-মাদদাহ‍‍`-তে পুনরায় আজান দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। সেখানে দায়িত্ব পালনের পথ ধরেই তিনি মক্কার প্রধান মসজিদ বা মসজিদুল হারামে মুয়াজ্জিন হিসেবে যুক্ত হওয়ার বিরল সম্মান অর্জন করেন। 

পরবর্তীতে ১৪৩৯ হিজরি সালে সৌদি কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে কাবা প্রাঙ্গণের প্রধান মুয়াজ্জিনদের একজন হিসেবে নিয়োগ দেয়। মদিনায় শৈশব ও বেড়ে ওঠার কারণে শেখ ইব্রাহিম আজান দেওয়ার ক্ষেত্রে মদিনার সুমধুর ঐতিহ্যবাহী সুর ও পাঠরীতি দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। পাশাপাশি ছোটবেলায় বাবার সঙ্গে পবিত্র মক্কা সফরের সুবাদে তিনি মসজিদুল হারামের স্বতন্ত্র গম্ভীর আজান শৈলীর সাথেও ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে উঠেছিলেন। এই দুই পবিত্র শহরের সুরের সমন্বয়ে তিনি দীর্ঘ সময় ধরে কাবা চত্বরে মুসল্লিদের নামাজের আহ্বান জানিয়ে গেছেন।

তথ্যসূত্র: খালিজ টাইমস