নভেম্বর ২২, ২০২৫, ১০:৫৯ এএম
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে উত্তেজনায় ঠাসা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় সেমিফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী ব্রাজিল।
গত আসরের রানার্স আপ ব্রাজিল শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে মরক্কোকে ২–১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে।
এই ম্যাচে তাদের নায়ক ছিলেন ওয়েন্ডেসন সান্তোস ডেল, যার জোড়া গোলেই সেলেসাওরা সেমিফাইনালের টিকিট পায়।এদিন ম্যাচের ১২ মিনিটেই দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন ডেল।তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় মরক্কো।
সেই সুযোগ কাজে লাগিয়ে জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ফলে ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও নির্ধারিত সময়ে কেউ জালের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক হিসেবে আবির্ভূত হন ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই শেষ বাঁশি বাজে এবং ২–১ ব্যবধানের জয়ে সেলেসাওদের উৎসব শুরু হয়।
অন্যদিকে, এদিন আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে এবং পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। আগামী সোমবার (২৪ নভেম্বর) দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে সন্ধ্যা ৭টায় ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং রাত ১০টায় ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সেমিফাইনালে ইউরোপীয় দুই পরাশক্তির লড়াই যেমন জমবে, তেমনি ব্রাজিল–পর্তুগালের সেমিফাইনালও হতে যাচ্ছে তরুণ প্রতিভায় ভরা এক রোমাঞ্চকর যুদ্ধ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন