রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন বছরে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১২:০৬ পিএম

নতুন বছরে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মানেই নতুন নতুন রেকর্ড আর বিস্ময়। ২০২৬ সালও তার ব্যতিক্রম হতে যাচ্ছে না। নিজের অবিশ্বাস্য ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন তিনি। সেটি হলো ক্যারিয়ারের ৯০০তম গোল। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার বর্তমান গোলসংখ্যা ৮৯৬।

বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি এই গোলগুলো করেছেন। গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জেতার মধ্য দিয়ে তিনি এই সংখ্যায় পৌঁছান।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এমএলএস মৌসুমে মাঠে নামলেই ৩৮ বছর বয়সী এই জাদুকরের সামনে সুযোগ থাকবে বাকি ৪টি গোল করে ইতিহাসের পাতায় নাম লেখানোর।

এছাড়া মার্চে দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় আর্জেন্টিনার হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোই পেশাদার ক্যারিয়ারে ৯০০-এর বেশি গোল করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে রোনালদো এই কীর্তি গড়েন এবং বর্তমানে তার গোলসংখ্যা ৯৫৭। মেসির গোলসংখ্যা ৮৯৬ হলেও, তিনি রোনালদোর চেয়ে বয়সে প্রায় আড়াই বছরের ছোট। তাই ফুটবল বিশ্বে এখন জোর আলোচনা চলছে—মেসি কি রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন? পরিসংখ্যান বলছে, আধুনিক ফুটবলে এই দুই মহাতারকার ধারেকাছেও কেউ নেই; কারণ তালিকার পরবর্তী নাম রবার্ট লেভানদোভস্কির গোলসংখ্যা ৬৮৫।

মেসির গোলযাত্রার শুরু হয়েছিল ২০০৫ সালে বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে। এরপর ২১ বছর পেরিয়ে গেলেও গোলের ক্ষুধায় ভাটা পড়েনি তার। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল, পিএসজিতে ৩২ গোল এবং ইন্টার মায়ামির হয়ে ৮৮ ম্যাচে ৭৭ গোল করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতেও তিনি উজ্জ্বল, যার মধ্যে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা গোলগুলো ইতিহাসের অংশ হয়ে আছে।

মেসির সামনে এখন ১০০০ গোলের স্বপ্নও উঁকি দিচ্ছে। এমএলএসে যোগ দেওয়ার পর থেকে তিনি ক্লাব ও দেশ মিলিয়ে প্রতি মৌসুমে গড়ে ৩৬টি করে গোল করছেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন। যদি তিনি বর্তমান ফর্ম এবং গড় ধরে রাখতে পারেন, তবে ২০২৮ সালে ৪১ বছর বয়সে তিনি হয়তো ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলকও স্পর্শ করতে পারেন। রোনালদো যদি ২০২৬ সালের শুরুতে অবসর নেন এবং মেসি আরও দুই মৌসুম খেলা চালিয়ে যান, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মোট গোলের হিসাবে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মেসির।