রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপের লক্ষ্যেই সান্তোসে চুক্তি বাড়ালেন নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ১২:৩৩ পিএম

বিশ্বকাপের লক্ষ্যেই সান্তোসে চুক্তি বাড়ালেন নেইমার

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণ করতে নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসেই থাকছেন এই তারকা ফরোয়ার্ড। মূলত বিশ্বকাপের প্রস্তুতি ও ফিটনেস ফিরে পেতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

৩৩ বছর বয়সী নেইমার ২০২৫ সালের জানুয়ারিতে বড় স্বপ্ন নিয়ে সান্তোসে ফেরেন। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ২০২৩ সালের পর থেকে আর সেলেসাওদের জার্সিতে নামা হয়নি তাঁর। তবে গত মৌসুমে চোট নিয়েও তিনি সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন; যেখানে শেষ পাঁচ ম্যাচে তাঁর পা থেকে আসে পাঁচটি গোল।

লক্ষ্য এবার জাতীয় দল: মৌসুম শেষে নেইমার তাঁর বাঁ হাঁটুর মেনিস্কাসের অস্ত্রোপচার করান। তাঁর মূল লক্ষ্য এখন একটাই—পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলে ফেরার পথ পরিষ্কার করা। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছেন, শতভাগ ফিট না হলে নেইমারের ফেরা সম্ভব নয়।

চুক্তি নবায়নের পর এক ভিডিও বার্তায় আবেগপ্রবণ নেইমার বলেন, “সান্তোসই আমার জায়গা, এখানেই আমি ঘরের মানুষ। এখান থেকেই আমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই।”

ইনজুরির লড়াই ও রেকর্ড: ২০২৩ সালের অক্টোবরে এসিএল (ACL) ছিঁড়ে যাওয়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সুস্থ হয়ে ফেরার পথে আবারও পেশির চোট তাঁকে বাধাগ্রস্ত করে। সব ঠিক থাকলে ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ বড় লক্ষ্য।