মার্চ ৭, ২০২৬, ০৩:২৭ পিএম
ফিফা বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার অগণিত ভক্ত। রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল মহাযজ্ঞে মাঠে নামার প্রস্তুতি নিলেও হ্যামস্ট্রিং ইনজুরি তাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আল নাসর কোচ জর্জে জেসুস নিশ্চিত করেছেন যে, রোনালদোর এই চোট প্রাথমিক ধারণার চেয়েও অনেক বেশি গুরুতর।
এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তিনি স্পেনের মাদ্রিদে অবস্থান করছেন।গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পান রোনালদো।
ওই ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাকে। প্রাথমিকভাবে সাধারণ সমস্যা মনে করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর কোচ জেসুস জানিয়েছেন, রোনালদোর পেশির চোট বেশ ভোগাতে পারে। তাকে দীর্ঘ সময় বিশ্রামে থাকার পাশাপাশি নিবিড় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। শনিবার নিওম এসসির বিপক্ষে আল নাসরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকদের এই তথ্য জানান জেসুস।
৪১ বছর বয়সী এই তারকা এখন তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের অধীনে মাদ্রিদে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তবে ঠিক কতদিন পর তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে আল নাসর কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। পর্তুগাল জাতীয় দলের জন্য বিষয়টি উদ্বেগের, কারণ এই মাসের শেষ দিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। ২৮ মার্চ মেক্সিকো এবং ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দুটিতে রোনালদো খেলতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সৌদি প্রো লিগে বর্তমান মৌসুমে ২১ গোল করে গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোনালদো। তার ইনজুরির প্রভাবে ক্লাব আল নাসরও পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে। বর্তমানে আল আহলি থেকে এক পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। বিশ্বকাপের আগে দলের সেরা তারকার এমন ইনজুরি পর্তুগাল শিবিরের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন