রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইয়ামালের গোলে বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ১০:৪৫ এএম

ইয়ামালের গোলে বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

ইয়ামালের জয়সূচক গোল

কোপা দেল রে সেমিফাইনাল থেকে বিদায়ের বিষাদ কাটিয়ে স্প্যানিশ লা লিগায় আবারও জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মেমেসে ১–০ গোলের ঘাম ঝরানো জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে কাতালানরা। টানটান উত্তেজনার এই ম্যাচে একমাত্র গোলটি করে দলের জন্য গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। 

৬৮ মিনিটে তার করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও গোলের দেখা পেতে বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। 

মাঝমাঠ থেকে পেদ্রির বাড়ানো একটি নিখুঁত পাস নিয়ন্ত্রণে নেন ইয়ামাল। ডান দিক দিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে জায়গা তৈরি করে বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। ১৮ বছর বয়সী এই তরুণ তুর্কির এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯তম গোল। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই ফুটবলার।

পুরো ম্যাচে বিলবাও সমতায় ফেরার চেষ্টা চালালেও বার্সেলোনার সুশৃঙ্খল রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। এই জয়ের ফলে লা লিগায় ২৭ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখন বার্সার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে। 

লা লিগার শিরোপা দৌড়ে এই জয় বার্সেলোনাকে মানসিকভাবে অনেকটা এগিয়ে দেবে। কাতালানদের পরবর্তী লক্ষ্য এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আগামী মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা।