মার্চ ১৫, ২০২৬, ০৯:২২ পিএম
ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত ‘ফাইনালিসিমা’ ম্যাচটি যুদ্ধের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। লাতিন আমেরিকার সেরা শক্তি আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই মেগা ম্যাচটি কাতারের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় উয়েফা ও কনমেবল যৌথভাবে ম্যাচটি বাতিলের এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৭ মার্চ কাতারের মাটিতে ইউরো ২০২৪ বিজয়ী স্পেন এবং কোপা আমেরিকা ২০২৪ বিজয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত ছিল।
ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এটি ফুটবল ভক্তদের জন্য অত্যন্ত হতাশাজনক হলেও বর্তমান বাস্তবতায় ম্যাচটি আয়োজন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে সময়ের সীমাবদ্ধতা এবং নিরাপত্তার কারণেই এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াই থেকে দুই দলকে বঞ্চিত হতে হলো। মাঠের লড়াই শুরুর আগেই যুদ্ধের কালো মেঘে এই মহোৎসব ঢাকা পড়ায় বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে হতাশা বিরাজ করছে।সংবাদ সংস্থাগুলো জানিয়েছে যে ম্যাচটি অন্য কোনো দেশে বা ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল।
তবে দুই দলের ঠাসা আন্তর্জাতিক সূচি এবং ক্লাব ফুটবলের ব্যস্ত ক্যালেন্ডারের কারণে নতুন কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি আপাতত সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। গত ফিনালিসিমায় আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তাই এবারও ভক্তরা লিওনেল মেসির আর্জেন্টিনা এবং তরুণ তুর্কিদের নিয়ে গড়া স্পেনের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন