বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১১:০৫ পিএম

নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

নেইমার বনাম আনচেলত্তি

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচের আগে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাজিলের ফুটবল অঙ্গন। আলোচনার কেন্দ্রে সেই চিরচেনা নাম—নেইমার। সান্তোসের হয়ে খেলা এই তারকাকে কেন জাতীয় দলে রাখা হচ্ছে না, তা নিয়ে দীর্ঘদিনের মৌনতা ভেঙেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। 

সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, দল নির্বাচন তার ব্যক্তিগত ও পেশাদার সিদ্ধান্ত এবং এখানে আবেগের চেয়ে যুক্তি ও কৌশলগত প্রয়োজনের গুরুত্ব বেশি।

নেইমারকে বাদ দেওয়া প্রসঙ্গে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড বলেন, “আমি সবকিছুই পর্যবেক্ষণ করছি। ফুটবল কোনো বিশ্ববিদ্যালয় বা ধ্রুব বিজ্ঞান নয় যেখানে একটি নির্দিষ্ট ফর্মুলায় সব চলবে। প্রত্যেকের মতামতের প্রতি আমার সম্মান আছে, কিন্তু দলের জন্য সবচেয়ে কার্যকর সিদ্ধান্তটি আমাকেই নিতে হবে।

আনচেলত্তি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত নেইমারকে একবারও স্কোয়াডে ডাকেননি, যা নিয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।আনচেলত্তির এই সিদ্ধান্তে চাপের মুখে পড়েছেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকারাও। ১৯৯৪ বিশ্বকাপের নায়ক রোমারিও সরাসরি নেইমারের পক্ষ নিয়ে বলেছেন, “জাতীয় দল হলো সেরাদের জায়গা। ১০০ ভাগ ফিট না হলেও নেইমারের মতো একজন জাদুকরকে দলে রাখা যেকোনো সাধারণ খেলোয়াড়ের চেয়ে ভালো।

একইভাবে কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, নেইমার শারীরিকভাবে সামর্থ্যবান থাকলে তাকে অবশ্যই বিশ্বকাপে নেওয়া উচিত। দলের অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনহোও নেইমারকে এখনো ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন।কিংবদন্তি ও বর্তমান সতীর্থদের এমন চাপের মুখেও আনচেলত্তি তার অবস্থানে অনড় থাকবেন কি না, তা এখন বড় প্রশ্ন। 

বোস্টনে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে তরুণ তুর্কিদের ওপর ভরসা করতে চাইছেন আনচেলত্তি, সেখানে নেইমারের মতো অভিজ্ঞ ও জাদুকরী খেলোয়াড়ের অনুপস্থিতি সেলেসাওদের জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে, তা সময়ই বলে দেবে। বর্তমানে নেইমার ইস্যুটি ব্রাজিলের ফুটবলে কেবল একটি বিতর্ক নয়, বরং কোচ বনাম জনমতের এক লড়াইয়ে পরিণত হয়েছে।