বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভিয়েতনামের কাছে ৩ গোল হজম করে বিপাকে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৭:৪২ পিএম

ভিয়েতনামের কাছে ৩ গোল হজম করে বিপাকে বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়ে প্রথমার্ধেই কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ। ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের একচ্ছত্র আধিপত্যের সামনে মাঠের লড়াইয়ে পিছিয়ে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিন গোল হজম করে বাংলাদেশ দল এখন বড় হারের শঙ্কায় রয়েছে। 

স্বাগতিকদের গতিশীল ফুটবল এবং রক্ষণভাগের সমন্বয়হীনতার কারণে প্রথম ৪৫ মিনিটেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে।ম্যাচ শুরুর আট মিনিটেই সেট পিস থেকে প্রথম গোলটি আদায় করে নেয় ভিয়েতনাম। 

সতীর্থের বাড়ানো বল নিখুঁতভাবে জালে জড়িয়ে তুয়ান হাই স্বাগতিকদের লিড এনে দেন। এর নয় মিনিট পর ভিয়েতনামের এনগুয়েন হোয়াংয়ের একটি শক্তিশালী ভলি দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ১৮তম মিনিটে আবারো সেট পিস থেকে গোল হজম করতে হয় বাংলাদেশকে। 

রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দো দুই মাহন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার ঠিক আগে ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।এবারের ম্যাচে পাঁচজন প্রবাসী ফুটবলারকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ যা আগে থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছিল।

আলোচনায় থাকা হামজা চৌধুরী ছাড়াও একাদশে ছিলেন শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী এবং ফাহমিদুল ইসলাম। তবে এই শক্তিশালী দল নিয়েও ভিয়েতনামের আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। রক্ষণভাগ থেকে শুরু করে মাঝমাঠ পর্যন্ত সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। প্রথমার্ধের এই বড় ব্যবধান ঘুচিয়ে ম্যাচে ফিরে আসা এখন কোচ ও ফুটবলারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।