রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক

মিরাজ ও ড. জাকির নায়েক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটি বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। ছবিতে দেখা যায় দুজনের মাথায় টুপি এবং মুখে হাসি। ছবিটি ঠিক কোথায় এবং কখন তোলা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও ধারণা করা হচ্ছে সম্প্রতি ওমরাহ পালনকালে তাদের এই সাক্ষাৎ হয়। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মিরাজ ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন।ড. জাকির নায়েক তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

তবে ছবিটির ক্যাপশনে শুরুতে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। জানা গেছে ড. জাকির নায়েক প্রথমে মিরাজকে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে উল্লেখ করেছিলেন। 

পরবর্তীতে তথ্য যাচাই করে তিনি ক্যাপশন সংশোধন করেন। উল্লেখ্য যে বর্তমানে নাজমুল হোসেন শান্ত টেস্ট ফরম্যাটে এবং মিরাজ ওয়ানডে ফরম্যাটে দলের অধিনায়কত্ব পালন করছেন।ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ড. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনলে তিনি দেশত্যাগ করে সেখানে আশ্রয় নেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিপুল সংখ্যক অনুসারী থাকায় মিরাজের সঙ্গে এই ছবিটি দ্রুতই ভাইরাল হয়। ক্রিকেট অঙ্গন এবং সাধারণ নেটিজেনদের মধ্যে এই সাক্ষাৎ ও ছবি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ওমরাহ শেষে মিরাজ খুব শীঘ্রই দেশে ফিরে জাতীয় দলের পরবর্তী প্রস্তুতি কার্যক্রমে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।