রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিল ফ্রান্স

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১০:০৯ এএম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিল ফ্রান্স

ফ্রান্সের জয়োল্লাস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিটিকের গোলে জয় নিশ্চিত করে ফরাসিরা। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ফ্রান্স।

 ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ব্রাজিল গোল করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল, তবে রাফিনহার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় লিড নিতে ব্যর্থ হয় সেলেসাওরা। এরপর ধীরে ধীরে মাঝমাঠের দখল নিয়ে আক্রমণে প্রাধান্য বিস্তার করতে শুরু করে ফ্রান্স।

খেলার ৩২ মিনিটে উসমান দেম্বেলের একটি নিখুঁত পাস ধরে দুর্দান্ত গতিতে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ব্রাজিল পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্থের শুরু থেকে তারা মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। 

ম্যাচের ৫৫ মিনিটে একটি বড় নাটকীয়তা তৈরি হয় যখন ফরাসি ডিফেন্ডার ডায়ট উপামেকানো ব্রাজিলিয়ান খেলোয়াড় ওয়েজলিকে ফাউল করেন। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর পরীক্ষার পর সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন।১০ জনের দলে পরিণত হওয়া ফ্রান্সকে চাপে ফেলার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু এর মাঝেই ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ফরাসিরা। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন একিটিকে। 

দুই গোলে পিছিয়ে পড়ার পর ব্রাজিল আক্রমণের ধার আরও বাড়ায়। ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে আসা একটি বল ক্যাসিমিরো কাটব্যাক করলে লুইস এইহিক শট নেন। সেই বলটি ব্রেমারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ব্যবধান ২-১ এ নেমে আসে। শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাজিল সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালালেও ফ্রান্সের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে হার দিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।