এপ্রিল ১৮, ২০২৬, ০৩:২৩ পিএম
আসন্ন মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন চারজন আনকোরা ক্রিকেটার। গতকাল শনিবার পিসিবি এই দল চূড়ান্ত করার পাশাপাশি পুরো সিরিজের সূচি ও ভেন্যু নিশ্চিত করেছে।
বাংলাদেশের মাটিতে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় তরুণ প্রতিভাদের ওপর আস্থা রাখছে পাকিস্তান। স্কোয়াডে ডাক পাওয়া চার নতুন মুখ হলেন আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরে। দলটির ড্রেসিংরুমেও আসছে বড় পরিবর্তন।
কোচ হিসেবে এই সিরিজ দিয়ে যাত্রা শুরু করছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তার সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং বিভাগের দেখভাল করবেন উমর গুল।
সফরকারী পাকিস্তান ক্রিকেট দল আগামী ২ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। পরদিন অর্থাৎ ৩ মে ঢাকায় পা রাখবেন শান মাসুদের প্রতিনিধিরা। যদিও ৩ মে পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় সেই ম্যাচে অংশ নেওয়া ক্রিকেটাররা কিছুটা পরে দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে প্রস্তুতি সারতে করাচিতে ২৭ এপ্রিল থেকে একটি সংক্ষিপ্ত ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
দুই দেশের এই লড়াই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য হবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে দ্বিতীয় টেস্টের লড়াইয়ে দুই দল মুখোমুখি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দীর্ঘদিন পর বাংলাদেশ ও পাকিস্তানের সাদা পোশাকের এই লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কোচিং প্যানেল ও তরুণ খেলোয়াড়দের নিয়ে সফরকারী দলটি স্বাগতিকদের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ গড়ে তুলবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন